ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে র্যাব, পুলিশ, আনসার ব্যাটালীয়ন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এবং জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে।
এসময় পৌর শহরের জামলাকান্দা এলাকার একটি বসতঘর থেকে দেড়শো গ্রাম গাঁজাসহ সেলিম সিকদার (৪২) নামের একজন চিহ্নিত মাদক কারবারীকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড দেয়। বুধবার বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন স্থানে চলে এ অভিযান।
এছাড়া শহরের পৃথক স্থান থেকে বেশ কজন যুবককে আটক করার পর তারা নিজেদের শিক্ষার্থী পরিচয় দিলে তাদের অভিভাবক ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। একই সাথে রাত ৮টার পরে পার্ক এবং নির্জন স্থানে শিক্ষার্থীদের অবস্থান না করার জন্য সতর্ক করে দেয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহিন উদ্দিন। এছাড়া বরিশাল র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ঝালকাঠির উপ পরিচালক মো. আকবর হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ে নিযুক্ত একাধিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এবং পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিভিন্ন সড়কে ঘুরে অভিযান মনিটরিং করেন।










