ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামে বিদ্যুতায়িত হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পার্শে জমিতে পরে থাকা জালাল’কে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল সারেঙ্গল গ্রামের আব্দুর রশিদ সিকদারের পুত্র।
জালালের চাচাতো ভাই আবু সুফিয়ান মিন্টু বলেন, আমন বীজ রোপনের জন্য সকালে নিজের জমি চাষাবাদ করতে যায় জালাল সিকদার। আগে থেকেই জমিতে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে হাতে ও গলায় জড়িয়ে ছিটকে পরে যায় জালাল।
পাশের জমিতে কাজ করা শ্রমিকরা জালালকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তারা গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষনা করেন। পরে মৃতদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. উজ্জল খান জানান, কৃষক জালাল সিকদার বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ফসলি জমির মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটি টানা দেয়া তারের নিচ থেকে ট্রাক্টর নিয়ে আসা যাওয়ায় সমস্যা হচ্ছিল। তাই শাবল দিয়ে খুড়ে সেই টানা দেয়া সিলভারের তার উঠিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে পেঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। টানা দেয়া সিলভারের তারের সাথে ৩৩ কেভি সঞ্চালন তারের সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জালাল সিকদার। এতে গুরুতর আহত হলে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারো কোন আপত্তি না থাকায় তাঁকে ময়নাতদন্ত ছাড়াই দফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।










