ঝালকাঠি প্রতিনিধিঃ যাত্রীর সঙ্গে কথাকাটাকাটিকে কেন্দ্র করে বাস চালককে মারধর ও আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর থেকে ঝালকাঠি-বরিশালসহ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
ঝালকাঠি বাস মালিক সমিতির একাধিক বাস খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়েকের ঝালকাঠির পেট্রোল পাম্প মোড়ে আড়াআড়ি করে রাখায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে সৃষ্টি হয় যানজট।
ঝালকাঠি আন্ত জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, আজ দুপুর আড়াইটার দিকে বরিশাল থেকে ঝালকাঠি আসার সময় দিগন্ত পরিবহনের স্টাফের সাথে এক যাত্রীর হাফ ভাড়া নিয়ে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে পুলিশ ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে বাস চালক শহিদুলকে আটক করে। বাস চালককে আটকের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে সড়কে ব্যারিকেট দিয়ে বাসচলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। বিকালে জেলা আওয়ামী লীগের সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের হস্তক্ষেপে চালক শহিদুলকে মুক্তি দিয়ে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করা হয়।










