ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ আদালত সক্রীয়করণ জেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন, ঝালকাঠি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সারজিল। উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে এই প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় সরকার বক্তব্য রাখেন। সভায় গ্রাম আদালতের লক্ষ্য অর্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপদেশ ও সহায়তা প্রদান, গ্রাম আদালতের এনজিও কার্যক্রম মনিটরিং করা, গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও বাধা সমূহ দূরীকরণ বিষয়ে আলোচিত হয়েছে। সভায় গত ১বছরে এই প্রকল্পের কার্যক্রম গতিশীল থাকলেও বিগত ত্রৈমাসিক সময়ে কার্যক্রম ব্যহত হয়েছে। জেলার ৪টি উপজেলার মধ্যে ৪জন ইউপি চেয়ারম্যান কর্মরত থাকলেও তাদের মধ্যে নলছিটি দপদপিয়া ও কাঠালিয়ার শৌলজালিয়া চেয়ারম্যানদের সরানোর জন্য স্থানীয় কুচক্রীমহল হামলা করছে।
এই কারণেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন না থাকায় গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম ব্যহত হচ্ছে। জেলা ৩২টি ইউনিয়নে বিগত জুন ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত পূর্বের ১০৪টি মামলার সাথে ইউনিয়ন পরিষদে ৫২৬টি মামলা দায়ের হয়েছে এবং উচ্চাদালত থেকে ১৪৭টি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। সবমিলিয়ে ৭৭৭টি মামলার মধ্যে আপোষ নিষ্পত্তির জন্য ৪১১টি ও আদালতে ২০০ নিষ্পত্তি ও ২১৪টি মামলা উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৬২৬টি। বর্তমানে বিচারের জন্য অপেক্ষমান রয়েছে ১৫২টি। এই প্রতিবেদনকালীন সময়ে ৩৬৭টি মামলা নিষ্পত্তি করে ভুক্তভোগীদের ১ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করে বিতরণ করা হয়েছে।










