ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-২ আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু আজ রবিবার দুপুরে নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি নলছিটির দপদপিয়া জিরোপয়েন্ট, কাঠেরঘর, শিমুলতলা ও শহরের বাস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন। আমির হোসেন আমু সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী প্রচারণায় অংশ নেন। পরে তিনি দপদপিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বিগত যত নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটু আলাদা। তার কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক একটি যুদ্ধের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন।
এই নির্বাচনে কত ভাগ ভোটার ভোট দিয়েছে সেটাই আন্তর্জাতিকভাবে বিবেচিত হবে। তাই ৬০ থেকে ৭০ ভাগ ভোটার উপস্থিতি করতে হবে। এ জন্য সকলকে কাজ করতে হবে। তাহলেই এই নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলেও জানান তিনি।










