শীতকাল আসলে আনেকেই পিঠা খেতে পছন্দ করেন। বলা যায়, শীতকাল পিঠা খাওয়ার উত্তম সময়। বিভিন্ন ধরনের পিঠা মধ্যে তেলের পিঠা অন্যতম। তেলের পিঠা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা। মজার এই তেলের পিঠার রেসিপি দিয়েছেন সাদিয়া রহমান।
উপকরণ
চালের গুঁড়া ৪ কাপ, ময়দা ১ কাপ, খেজুরের গুড় বা চিনি ২ কাপ, লবণ এক চিমটি, বেকিং সোডা এবং ভাজার জন্য সামান্য তেল।
বিকালের নাশতায় দারুণ একটি আইটেম হতে পারে তেলের পিঠা। ছবি: সাদিয়া রহমান
প্রস্তুত প্রণালী
প্রথমে চুলায় একটি পাত্রে পরিমাণমতো পানিতে গুড় বা চিনি দিয়ে গলিয়ে নিতে হবে। মিশ্রণটি কুসুম গরম থাকা অবস্থায় প্রথমে চালের গুঁড়া, এরপর বাকি সব উপকরণ মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মিশ্রণটি অন্তত এক ঘণ্টা রেস্টে রাখলে পিঠা ভাজার সময় ভালো ভাবে ফুলে ওঠে। এরপর একটি লোহা বা ননস্টিক কড়াইতে তেল খুব ভালো ভাবে গরম করে বড় গোল চামচ দিয়ে মিশ্রণ তেলে ছাড়তে হবে। কয়েক সেকেন্ডেই পিঠা ফুলে উঠবে। দুই পাশ লালচে বাদামি করে ভেজে তুললেই পরিবেশ এর জন্য তৈরি মজাদার আন্দাসা বা তেলের পিঠা। সূত্রঃ ইনডিপেনডেন্ট টিভি।












