কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ ১১ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে ১৮৫৬৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে কাঠালিয়া উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরে চাবি ও দলিল তুলে দেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুঁম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় দাস, থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপকারভোগী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন জানান, ৫ম পর্যায়ে ৭৫ টি ঘর নিমার্ণ করা হয়েছে। উপজেলার জোড়পুল নামক স্থানে আদর্শ আশ্রয়ানের অভ্যন্তরে রয়েছে মসজিদ, কবর স্থান, শিশুদের খেলার মাঠ, পার্ক, ও প্রতিটি গৃহের সাথে উঠান কৃষি করার জন্য পর্যাপ্ত জমি। এ আশ্রয়নে বসবাসকারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষম করার লক্ষ্যে সরকারি উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এ উপজেলায় মোট ৬০২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।










