জনতার খবর ডেস্কঃ নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা । মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা পুনরায় সড়ক অবরোধ করেন। এতে ইফতারের সময় কিছুক্ষণের জন্য শুরু হওয়া যান চলাচল আবার বন্ধ হয়ে যায়।বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।
অপরদিকে রাস্তায় আছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরাও। তারা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নিয়ে আছেন। সেখানে কাছেই অবস্থান নিয়ে আছে পুলিশ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংর্ঘের ঘটনায় নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর ও ওই এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা এ তথ্য জানায়।
এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।












