জনতার খবর ডেস্কঃ আগামী ২৭ জুন সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। ২৬ জুন রোববার সন্ধ্যায় সেতু বিভাগ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এর আগে ২৬ জুন রোববার সাধারণের জন্য খুলে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, দুইজন গুরুতর আহত হয়ে সেতুর ওপর পড়ে আছে। তাদের পাশে রক্তের দাগ। এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার তথ্যটি জেনেছি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতুর নাট-বল্টু খোলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। নাট-বল্টু খোলার অভিযোগে আজ ২৬ জুন রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম (মাসুদ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, ‘ভিডিওতে যে যুবককে পদ্মা সেতুর নাট-বল্টু খুলতে দেখা গেছে, তার নাম মো. বায়েজিদ। গ্রামের বাড়ি পটুয়াখালী। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
বায়েজিদের বয়স ৩১ বছর। তার ব্যক্তিগত গাড়ি আছে। সেটা নিয়েই সে চলাফেরা করেন। তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তিনি কেন এই কাজ করেছেন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।’
উল্লেখ্য, ২৫ জুন শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৬ জুন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।













