কাঠালিয়া প্রতিনিধিঃ
সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওয়ামী লীগের নেতা মোঃ পনির হোসেনকে (৫২) গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
১০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকী সাতানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পনির হোসেন উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের আঃ সত্তার কালুর ছেলে। তিনি আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওরাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা জানান, পনিরকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।










