বরিশাল প্রতিনিধিঃ চলতি ইউপি নির্বাচনে সনহিংসতার ঘটনায় যদি নিজের কর্মীদের মধ্যে কেউ মারা যায় তাহলে তার পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম যুবরাজ। তার দেওয়া বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন বিতর্কিত বক্তব্যের কারণে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
চেয়ারম্যান যুবরাজ বলেন, এই নির্বাচন পারপাসে একটা লোক মারা যাইতে পারে। আমার কর্মী যারা তাদের একটা লিস্ট আছে। এই কর্মীদের ভিতরে যদি কেউ মারা যান আমার নির্বাচন করতে গিয়ে, তাহলে আমার পক্ষ থেকে ১০ লাখ টাকা তার পরিবারকে দেওয়া হবে। আর যদি খুনাখুনি বাইড়াবাইড়ি করে হাসপাতালে ভর্তি থাকেন তাহলে আমি তার সম্পূর্ণ খরচ বহন করবো। এমনকি তার সংসারের খরচও আমি চালাবো। আমি মাইট্টা ঢোরা সাপ। চুপ করে শুয়ে থাকি, আর যখন কামড় মারি তখন মাংসসহ ছিঁড়ে ফেলি।
এই বক্তব্যের প্রেক্ষিতে স্থানীয়রা বলেছেন, নির্বাচন সামনে রেখে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য নির্বাচনী সহিংসতার ইঙ্গিত বহন করে। এতে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।










