নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি মালবাহী ট্রলারে পেট্রল থেকে আগুন লেগেছে। এতে অলিউল ইসলাম নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ইলুহার ইউনিয়ন পরিষদসংলগ্ন মলুহার নতুন বাজারের ট্রলার ঘাটে এ ঘটনা ঘটে।
ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৮ টার দিকে শ্রমিকরা একটি মালবাহী ট্রলার থেকে মলুহার নতুন বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মিরাজ হোসেনসহ কয়েকজন মুদি দোকানির বিভিন্ন প্রকার মালামাল আনলোড করছিলেন।
এ সময় অন্ধকারের মধ্যে অলিউল ইসলাম ওই ট্রলারে ম্যাচলাইট জ্বালায়। এতে ম্যাচলাইটের আগুন ওই ট্রলারে থাকা পেট্রল কনটেইনারে লেগে যায়। মুহূর্তেই আগুন অন্যান্য মালামালের ছড়িয়ে পড়ে। এ সময় অলিউল অগ্নিদগ্ধ হয়ে চিৎকার দেন এবং তিনি নিজের জীবন বাঁচাতে গিয়ে জনতার খালে ঝাঁপিয়ে পড়েন। অগ্নিদগ্ধ অলিউলকে উদ্ধার করে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।










