ঝালকাঠি প্রতিনিধিঃ
শিশুদের আনন্দ-উচ্ছ্বাস, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে ঝালকাঠির আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ উপহারও। উৎসবমুখর এ আয়োজনে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ বশির গাজী। তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং নিজ হাতে তাদের কেক খাইয়ে দেন। এতে শিশুদের মাঝে ছড়িয়ে পড়ে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি জেলা প্রশাসক ও বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। সবশেষে আয়োজন করা হয় প্রীতিভোজের। দিনব্যাপী এসব আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হালীম গাজী, বিদ্যালয়ের অধ্যক্ষ শহীদ ইমাম পাশা, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আজমসহ শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
এ সময় অতিথিরা বলেন, শিশুদের সুস্থ মানসিক বিকাশ, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি আনন্দময় পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।