ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ রবিবার সকালে পৌর এলাকার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এসময় তাঁরা পৌর এলাকার কাঠেরপুল থেকে অনুরাগ বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দ্রুততম সময়ে মধ্যে সড়ক মেরামত করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এস.এম টুলু, এফ.এইচ রিভান, মো. হানিফ মল্লিক, বালী তাইফুর রহমান, মো. শাওন হাওলাদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, এই সড়ক দিয়ে প্রতিদিন মাদরাসার শিক্ষার্থীসহ শতশত মানুষ চলাফেরা করে। খানাখন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না। সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না।
একাধিকবার সড়ক মেরামতের বরাদ্দ করা হলেও কিন্তু সেটা শুধু কাগজ কলমেই থাকে। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কের জমে থাকা কাদা পানিতে নিজেদের পোশাক নষ্ট করে বিদ্যালয়ে যায়। এতে তাতে তাদের পাঠদানে বিঘ্ন ঘটে। তাই দ্রুততম সময়ের মধ্যে সড়কটি মেরামতের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।










