ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা বিদ্যুৎতের খুটি বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সুমন দেবনাথ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে তার সাথে থাকা মোটর মেকানিক্স সুবল (৫০)। গুরত্বর আহত অবস্থায় সুবলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ঝালকাঠি শহরের টিবিএস মোটরসাইকেল কোম্পানির ম্যানেজার এবং সুবল একই প্রতিষ্ঠানের মেকানিক্স। সুমন ঝালকাঠি শহরের ভিআইপি রোডের স্বর্গীয় জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বিদ্যুৎতের খুটি বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১১ টার দিকে ঝালকাঠি থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










