কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমার্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ গোলাম কিবরিয়া সিকদার।
আজ মঙ্গলবার ১১ জুন সকাল ১০টায় মোঃ গোলাম কিবরিয়া সিকদার তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কিবরিয়া সিকদার জানান, গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী চেয়ারম্যান এমাদুল হক মনিরের সমর্থকরা উপজেলার আওরাবুনিয়া, ছোনাউটা ও আমুয়ায় আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এ হামলায় ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা নিচ্ছেন। কিবরিয়া সিকদার আরো জানান, এখনো তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।
সংবাদ সম্মেলনে কিবরিয়া সিকদারের সাথে ছিলেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুবকর সিদ্দিক জুয়েল, হামলার শিকার রফিকুল ইসলাম লালন ও রুবেল হাওলাদার।
এ অভিযোগের বিষয়ে বিজয়ী চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি এখন পর্যন্ত কিছু জানিনা। খোঁজ নিয়ে দেখছি। যদি কোন অতিউৎসাহী কর্মী-সমর্থকরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি এ ব্যাপারে সহযোগিতা করবো। আমি হামলা, ভাংচুর ও মামলার রাজনীতি করি না।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, পরাজিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। তাদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










