ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দুই উপজেলা চেয়রম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন কর্মী সমর্থক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টা-পাল্টি মামলা করা হয়েছে। আসামী হয়েছে প্রায় দুইশত মানুষ।
বুধবার উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু এর পক্ষে গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ ৬৭ জনের নামে মামলা করেছেন। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর সমর্থক জহির মোল্লা বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৯ জুন নির্বাচনকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর কর্মী সমর্থকরা গতকাল রাতে পুটিয়াখালী বাজারে প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনকে পাঠানো হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এলকায় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টা-পাল্টি মামলা করেছেন। এখন পর্যন্ত কোন কেউ গ্রেফতার হয়নি, অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।










