কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ সোহেল ফরাজী (২৭) কে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার (২২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বামনা থানা পুলিশের সহায়তায় বামনা থেকে ডাকাতির মালামালসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেল ফরাজী বরগুনা জেলার বামনা উপজেলার ঢুসখালী গ্রামের মৃত আইয়ুব আলী ফরাজীর পুত্র ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানা অফিসার ইনচাজ মোঃ নাসির উদ্দিন সরকার।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি কুঠার, একটি শাবল ও অন্যান্য সরঞ্জামসহ বরগুনার বামনা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহেল ফরাজীকে গ্রেপ্তার করে কাঁঠালিয়া থানা পুলিশ। ডাকাত সোহেল ফরাজীর বিরুদ্ধে ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের ৬টি মামলা রয়েছে।
কাঠালিয়া থানা অফিসার ইনচাজ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহেলকে গ্রেফতার করে শনিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন কাঠালিয়া থানার এসআই কেএম রিয়াজ রহমান, এএসআই রতন কৃষ্ণ, এএসআই সজল খানসহ পুলিশের একটি দল।










