কাঠালিয়া প্রতিনিধিঃ
নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করে ইট প্রস্তুতের অপরাধে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার এ এসবি বিক্স এর মালিক মোঃ শহীদুল ইসলামের তিনটি ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভাটার অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট নষ্ট করেছে পরিবেশ অধিদপ্তর
বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ইকবাল হোসেনের নির্দেশে ঢাকা সদর দপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী এ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার রঘুয়ার দড়িরচর এলাকার ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম তার তিনটি ভাটায় সরকার নিষিদ্ধ ড্রাম চিমনি দিয়ে ইট প্রস্তুত করছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া কাঁচা ইট নষ্ট এবং কিলন ও চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভাটার মালিক মোঃ শহীদুল ইসলাম জানান, অভিযানে আমার প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।










