ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হয়েছে ৩দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। এই উৎসবে একই সাথে পিঠা মেলা এবং লোকসাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় কেন্দ্রীয় শিল্পকলা একাডেমি কার্যালয় থেকে বাংলাদেশের ৬৪ জেলায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্ভোধন করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
আগামী শুক্রবার পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন বিকেল ৩টা থেকে মেলা অনুষ্ঠানে বিভিন্ন পিঠার সাথে এই অঞ্চলের প্রচলিত পিঠার প্রদর্শন ও বিক্রি চলবে। মেলায় একাধিক স্টল করা হয়েছে এবং এই সকল স্টলে বিভিন্ন পর্যায়ের উৎসাহী ব্যক্তি ও প্রতিষ্ঠান পিঠা তৈরি করে প্রদর্শণ ও বিক্রি করছে। মূলত এই আমাদের দেশে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠার নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এর সংরক্ষণ করার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন।










