রাজধানীর সবুজবাগে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রাহেল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের ছাতক থানার রোকন তাজ গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে রাহেল ইসলাম। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আউয়াল জানান, মৃত রাহেল ইসলাম একজন রিক্সা চালক। সে ২নং দাসপাড়া সবুজবাগ হরে কৃষ্ণ মন্ডলের বাড়ির ভাড়াটিয়া।
আব্দুল আউয়াল আরও বলেন, রাহেল ইসলাম কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে টিনের চালের কাঠের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। তার স্ত্রী মোসাম্মৎ নুরজাহান বেগম ও স্বজনেরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ মুগদা মেডিকেল হাসপাতাল থেকে রাহেল ইসলামের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।










