বরিশাল প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যুর জেরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় শনিবার (১১ জুন) বিকেলে হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক নিহতের দুই স্বজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রোববার (১২ জুন) সকালে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লোকমান হোসেন। গ্রেফতার শাওন ইসলামিয়া কলেজের ডিগ্রির ছাত্র ও উত্তর আমানতগঞ্জ এলাকার কবিরের ছেলে এবং আনোয়ার হোসেন নিহত কলেজ ছাত্র রিয়াদের মামা নিউ ভাটিখানা এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।
মটরসাইকেল দুর্ঘটনায় বরিশাল ইসলামিয়া কলেজের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নিহতের সহপাঠীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে মটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন বন্ধুকে নিয়ে হাসপাতালে যায় তাদের সহপাঠীরা। এরপর তাদের চারতলার সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে যাওয়ার সাথে সাথে ইন্টার্ন চিকিৎসকরা রিয়াদকে মৃত ঘোষণা করেন এবং অপর দুইজনের চিকিৎসা শুরু করেন। রিয়াদের মৃত্যুর সংবাদ পেয়ে ক্ষুব্ধ হয়ে সহপাঠীরা সার্জারী ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে হামলা চালায়। তারা ওই কক্ষের জানালা এবং আসবাবপত্র ভাংচুর করে। এ সময় নারী ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও আনসাররা প্রতিরোধ গড়লে তারা পালিয়ে যায়।
নিহতের স্বজনদের সড়ক অবরোধ, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঘন্টা ব্যাপী চিকিৎসা সেবা ব্যাহত ॥॥ সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যুর জেরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার শনিবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলে হাসপাতালের সামনে বান্দ রোডে পাল্টা সড়ক অবরোধ করে নিহতের সহপাঠী ও স্বজনরা। এতে প্রায় ১ ঘন্টারও বেশি সময় ব্যাহত হয় চিকিৎসা সেবা। এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা দূর্ভোগে পরে। অপরদিকে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করলে নগরী জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।
খবর পেয়ে রাত সোয়া ১০টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে ইন্টার্ন চিকিৎসক, নিহতের সহপাঠী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরে যান ও নিহতের সহপাঠী এবং স্বজনরা অবরোধ তুলে নেন।
ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েসনের সভাপতি রাকিন আহমেদ বলেন, তারা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার দাবিতে তারা রাত সাড়ে ৯টায় হাসপাতালের প্রধান গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করে। পরে সিটি মেয়রের আশ্বাসে রাত ১০টায় গেটের তালা খুলে কাজে যোগ দেন।
অন্যদিকে নিহত রিয়াদ হোসেনের স্বজন শাহানাজ পারভিন বলেন, ইন্টার্ন চিকিৎসকরা তাদের স্বজন নিহত রিয়াদ হোসেনের লাশ আটকে রাখে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত দুজনের চিকিৎসা কার্যক্রম স্থগিত রাখে। এ ঘটনায় তারা নিহতের লাশ নিয়ে যেতে ও আহতদের সুষ্ঠু চিকিৎসার দাবিতে ১০টায় সড়ক অবরোধ করি। পরে সিটি মেয়র এসে লাশ নিয়ে যাওয়া ও আহতদের চিকিৎসার আশ্বাস দিলে সাড়ে ১০টায় সড়ক অবরোধ তুলে নেই।










