বরিশাল প্রতিনিধিঃ
চট্রগ্রাম মেডিকেল কলেজ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।
বুধবার (০৮ জুন) সকালে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর সম্মুখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বিএম ডিপোর অগ্নিকান্ডে দেশের জন্য আরেকটি কলঙ্কজনক অধ্যায়। আমাদের দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের মূল্য আমাদের দেশে কম। এর আগেও বিভিন্ন অগ্নিকান্ডে অর্ধশতাধিক শ্রমিক নিহত হয়েছে। কিন্তু শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়নি।
উল্টো শ্রমিকদের লাশের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারন করে জনগণের সাথে তামাশা শুরু করে সরকার। গতকাল চট্রগ্রামে আহতদের দেখতে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নাক এবং হাতে আঘাত পায়। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। আমাদের লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্য বৃহত্তর ঐক্য গড়ে তোলা।










