বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বলগেট শ্রমিক মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টায় ডুবুরিরা দূর্ঘটনা কবলিত বলগেটের ইঞ্জিন রুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এর আগে গত ২ জুন বৃহস্পতিবার ভোর রাতে বাকেরগঞ্জের তুলাতলা নদীতে বালুভর্তি বলগেট এমভি সালেহ-২ ডুবে শ্রমিক মিলন মোল্লা (২০) নিখোঁজ হয়। এরপর থেকে তাকে উদ্ধারে বরিশাল ও বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে নিখোঁজ শ্রমিক মিলনকে উদ্ধারে সক্ষম হয় ঢাকা থেকে আসা ৩ সদস্যের একটি ডুবুরিদল।
৫ জুন রোববার বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, মিলনের লাশ বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় তদন্ত কাজ শেষ করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।










