একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল আজিজ, আব্দুল মান্নান ও আব্দুল মতিন। তাদের মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এদিন সকাল ১০টা থেকে রায় পড়া শুরু করেন বিচারপতি কে এম হাফিজুল আলম। এরপর রায় পড়েন বিচারপতি আবু আহমেদ জমাদার এবং সর্বশেষ দণ্ডসহ মূল রায় ঘোষণা করে বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে ২৪০ পৃষ্ঠার মধ্যে সারসংক্ষেপ অংশ পাঠ করা হয়। এর আগে গত ১৭ মে রায় ঘোষণার জন্য ১৯ মে দিন ধার্য করে ট্রাইব্যুনাল। গত ১২ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
সূত্রঃ বাংলা ভিশন।












