কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় এক গৃহধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এসআই আলমগীর হোসেন কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্র কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়।
গতকাল রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এ মামলাটি দায়ের করেন।
গতকাল কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহিনের নেতৃত্বে পুলিশ ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিকেলে কাঠালিয়া জুডিশিয়াল আদালতের বিচারক মাহবুবা নাসরীন তাকে জেলহাজতে পাঠান।
মামলার বিবরণে জানা যায়, কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা ওই নারী দুই পুত্র সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী ব্যবসায়িক কারণে চট্টগ্রামে থাকেন। ওই নারীর ভগ্নিপতি পাশের গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। বোনের বাড়িতে যাওয়া আসার কারণে তাঁরাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। গত ৩ এপ্রিল রাতে ওই নারীর বাড়িতে গিয়ে আলমগীর তাকে মারধরের পর ধর্ষণ করে।
ভুক্তভোগী ওই নারী বলেন, তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করলে, তিনি পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে কাঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এসআই আলমগীর ওই বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কয়েকদিন বিভিন্ন চাপের কারণে পালিয়ে বেড়াতে হয়েছে ওই নারীকে। পরে গতকাল রাতে থানায় আমার মামলা লিপিবদ্ধ করা হয়।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি এসআই আলমগীর হোসেনকে গেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাদীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।










