ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে (১২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টার দিকে কিশোরীর বসতঘরে এ ঘটনা ঘটে। রাতে মেয়েটির বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হয়। এ সুযোগে মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে জোড়পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। বিকেলে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেষ্টা করে। ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মামুন সদর উপজেলার পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুই যুবককে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।










