নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশালের উজিরপুর পৌরসভার ০৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম বালী(৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার(১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে পৌরসভার ০৪নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদের ময়দানে বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করে।
এ সময় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির, আক্রাম হোসেন, সেকেন্দার আলী হাওলাদারসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।










