ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি ইউনিটের মুখপাত্র রাজু হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুগন্ধা নদীর তীরে ঝালকাঠি পৌর শহরের মিনি পার্কে রেড ক্রিসেন্টের বুথে নিখোঁজদের স্বজনরা এ তথ্য দিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ শতাধিক। আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে লঞ্চে আগুন ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক গ্রামপুলিশ সদস্য।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানিয়েছেন, পোনাবালিয়া গ্রামের গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন এই মামলা করেছেন।










