জনতার খবর ডেস্কঃ ৭৫০ কোটি টাকা লেনদেন এবং প্রায় ৪০০ কোটি বকেয়া থাকা সত্ত্বেও, ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডট কমের ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখেরও কম টাকা জমা আছে। আজ বুধবার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন কারওয়ান এ তথ্য জানান।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ধামাকার কোনো অনুমোদন ও লাইসেন্স নেই। ব্যবসায়িক অ্যাকাউন্টও নেই। ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে তারা ব্যবসায়িক লেনদেন করেছেন ।
এ পর্যন্ত ওই অ্যাকাউন্টে প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। বিপুল পরিমাণ অর্থ লেনদেন হওয়া সত্ত্বেও বর্তমানে ওই অ্যাকাউন্টে ১ লাখেরও কম টাকা জমা রয়েছে। বর্তমানে তাদের সেলার বকেয়া প্রায় ১৮০-১৯০ কোটি টাকা,কাস্টমার বকেয়া ১৫০ কোটি টাকা এবং কাস্টমার রিফান্ড চেক বকেয়া ৩৫-৪০ কোটি টাকা।
র্যাব আরও জানায়, আর্থিক সংকটের কারণে গত কয়েক মাস যাবত প্রতিষ্ঠানের অফিস ভাড়া বকেয়া রয়েছে। পাশাপাশি জুন থেকে কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে । গত এপ্রিল থেকে ধামাকার অর্থ অন্য জায়গায় সরিয়ে ফেলার কারণে গত জুলাই থেকে তাদের সব কার্যক্রম বন্ধ রয়েছে ।
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকা শপিং ডটকমের সিওও মো. সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব। ২৯ সেপ্টেম্বর বুধবার ভোরে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব-২ এর অভিযানে রাজধানীর তেজগাঁও এলাকা হতে সিরাজুল ইসলাম রানা (৩৪), ইমতিয়াজ হাসান সবুজ (৩১) ও ইব্রাহিম স্বপনকে (৩৩) গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান লাখ লাখ গ্রাহককে পণ্য ডেলিভারি না দিয়ে অর্থ আত্মসাৎ করার বিষয়টি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
‘বিভিন্ন লোভনীয় গগনচুম্বী অফারের মাধ্যমে প্রলুব্ধ করে সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। বিভিন্ন সংস্থা ই-কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাঠামো নিয়ে পর্যালোচনা ও অনুসন্ধান অব্যাহত রেখেছে।’
খন্দকার আল মঈন বলেন, অনিয়মের অভিযোগ উঠায় ই-কমার্সের আড়ালে অর্থ হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। এছাড়া বিভিন্ন আলোচনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি উঠে এলে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন।
গত ২৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় এক ভুক্তভোগী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ‘ধামাকা শপিং ডট কম’-এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সিওওসহ ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং (টঙ্গী পশ্চিম থানা) ১৩। এছাড়া আরও বেশকিছু ভুক্তভোগীর অভিযোগ রয়েছে। জানা যায়, ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে অপমান হেনস্থা ও ভয়ভীতির স্বীকার হয়েছেন।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার প্রতিষ্ঠানটির ওই তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকদের প্রতারিত হওয়ার বিভিন্ন বিষয়াদি ও কৌশল সম্পর্কে তথ্য পাওয়া যায়।
কমান্ডার মঈন বলেন, সিরাজুল ইসলাম রানা ‘ধামাকা শপিং ডট কম’-এর সিওও। ইমতিয়াজ হাসান সবুজ ‘মোবাইল ফ্যাশন ও লাইফ স্টাইল’র ক্যাটাগরি হেড এবং ক্যাটাগরি হেড (ইলেক্ট্রনিক্স) হিসেবে ইব্রাহীম স্বপন নিযুক্ত রয়েছেন।
সূত্রঃ সময়ের কন্ঠস্বর।












