সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। ঢাকা টেস্টেও নিলেন আরও ৫টি। তাতে সিরিজ সেরা হওয়ার জোর দাবিদার ছিলেন তিনি। সেই পুরস্কার পেলেনও তিনি। তবে দল সিরিজ জিতলে তিনি আরও খুশি হতেন।
ম্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময় নিজের এই আফসোসের কথাও তিনি জানান। নিজ পারফরম্যান্স নিয়ে খুশি হলেও দল সিরিজ না জেতায় আক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। বলেছেন, ‘সিরিজ জিতলে দারুণ হতো। আমি মনে করি সবাই তাদের শতভাগ দিয়েছি। আমরা যদি দ্বিতীয় ইনিংসে আরও ভালো বোলিং করতে পারতাম, তাহলে ফলাফল আমাদেরই হতো। আমার পারফরম্যান্সে খুশি, কিন্তু এর ফলে যদি সিরিজ জেতা যেত, তাহলে আরও ভালো হতো।’
নিউজিল্যান্ডের হয়ে দুই ইনিংসেই ব্যাট হাতে অবদান রাখা গ্লেন ফিলিপস জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। দ্বিতীয় ম্যাচে শূন্য রানে জীবন পেয়ে মিচেল স্যান্টনারের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে নিউ জিল্যান্ডকে স্বস্তির জয় এনে দেন তিনি।
১৩৭ রানের লক্ষ্য দিয়েই কিউইদের চেপে ধরে বাংলাদেশ। সত্তর রানের আগে তারা ড্রেসিং রুমে ফেরত পাঠায় ছয় ব্যাটসম্যানকে। সেখান থেকে প্রতিরোধ গড়েন ফিলিপস ও এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা স্যান্টনার। দুজনের ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে মিরপুর টেস্ট ৪ উইকেটে জেতে নিউ জিল্যান্ড।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের অনেকটা সময় বৃষ্টির দাপটের পর শনিবার দুপুর থেকে হেসেছে সূর্য। কিন্তু রোদের এই উজ্জ্বলতা পড়েনি বাংলাদেশের ওপর। বড় সুযোগ তৈরি করেও হতাশায়ই সিরিজ শেষ হলো তাদের। ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৭২ রানে। জবাবে নিউ জিল্যান্ড করে ১৮০ রান। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বারে স্বাগতিকরা থামে ১৪৪ রানে। সিলেট টেস্ট বাংলাদেশ জেতায় দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলই এই সিরিজ থেকে পেল সমান ১২ পয়েন্ট।












