ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কাফুরকাঠি গ্রামের মানুষের সীমাহীন দুর্ভোগে গ্রামবাসীর ক্ষোভের শেষ নেই। স্বাধীনতার ৫০ বছরেও তৈরি হয়নি রাস্তাঘাট। এখনও সাঁকো পেরিয়েই করতে হয় যাতায়াত। তার ওপর বর্ষায় ডুবে থাকে পথঘাট। একমাত্র নৌকাতেই গ্রামবাসীর বর্ষায় চলাচল। চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ অসংখ্য হাজারো গ্রামবাসী।
বাংলাদেশের ডিজিটাল যুগেও এ চিত্র চোঁখে পড়বে ঝালকাঠি সদর উপজেলার কাফুরকাঠি গ্রামে। তবে স্থানীয় চেয়ারম্যান বলছেন, রাস্তা নির্মাণে প্রকল্প জমা দেয়া হয়েছে। স্বাধীনতার ৫০ বছরেও গড়ে ওঠেনি সড়ক যোগাযোগ। এই ডিজিটাল যুগেও বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয় নৌকাতেই।
ভাবতে অবাক লাগলেও এটি ঝালকাঠি সদর উপজেলার কাফুরকাঠি গ্রাম। জেলার সীমান্তবর্তী এ গ্রামটি পিরোজপুর জেলার কুড়িয়ানা এবং বরিশাল জেলার বানারীপাড়ার লাগোয়া। গ্রামটিতে ৫’শ পরিবার রয়েছে। শিক্ষা-দীক্ষায়ও এগিয়ে। রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। অসংখ্য শিক্ষার্থী স্কুলে পড়ছে। পথঘাট না থাকায় বর্ষা মৌসুমে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয় তাদের।
আর অসুস্থ রোগী পরিবহনের কথাতো ভাবাই যায় না। কিন্তু কৃষি ক্ষেত্রে এ গ্রামের মানুষের অনেক অবদান রয়েছে। বর্ষা মৌসুম জুড়ে পেয়ারা আর আমড়া ছাড়াও বারো মাস এখানকার অসংখ্য কৃষক শাখ-সবজি ফলিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে আশপাশের বাজারগুলোতে যোগান দেয়। সীমাহীন দুর্ভোগে গ্রামবাসীর ক্ষোভের শেষ নেই। ৩ নং নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুল হক আকন্দ এ দুর্ভোগের কথা স্বীকার করে পাকা রাস্তা নির্মাণে প্রকল্প জমা দেয়া হয়েছে বলে জানান। কৃষি প্রধান এই কাপুড়কাঠি গ্রামটিতে তিন হাজার লোকের বসবাস।
এই গ্রামের বাসিন্দা অধ্যাপক অমরেশ রায় চৌধুরী জানান, ঝালকাঠি সদর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল কাফুরকাঠি গ্রাম। জন্মের পর থেকেই আমরা নৌকায় যাতায়াত করে আসছি। ডিজিটাল যুগেও আমরা নৌকায় চলাচল করছি। রাস্তাঘাটে উন্নয়নের ছোয়া লাগেনি আমাদের এলাকায়। অসুস্থ রোগীদের গাড়ীর বদলে নৌকায় করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাদের সংখ্যালঘু গ্রামটির উন্নয়নের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।










