খেলা ডেস্কঃ অধিনায়ক মমিনুল হকের ব্যাটে রান পাচ্ছেন না দীর্ঘদিন। তার ইনিংসগুলো যথাক্রমে ১৩*, ০, ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯ এবং ০। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, নেতৃত্বের চাপেই মমিনুল তার ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না। বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানকে তাই নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেন জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন।
আজ ২৮ মে শনিবার সাংবাদিকদের খালেদ মাহমুদ সুজন জানান, ‘পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কি না। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০-এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না―প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে। এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (নেতৃত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা এটা চাই। ‘












