জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে আজ ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকাল ১০টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘আজ বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন। সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন।’












