ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। শনিবার বিকালে বিদ্যালয় মাঠে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেছেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলা গড়বো। সেই ডিজিটাল বাংলা গড়ার কারিগর নির্মাণ করার জন্য তিনি গ্রামভিত্তিক প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ দিয়েছেন, মাল্টিমিডিয়ার সুব্যবস্থা করেছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার সকল সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী এইদেশে প্রদান করেছেন।
আমু বলেন, মেঘ না চাইতে যেমন জল পাওয়া যায়, ঠিক তেমনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুঝতে পারে এদেশের মানুষের কি প্রয়োজন। তাই তিনি ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার। এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে কারিগর তা সৃষ্টি করতে হবে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে।
বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা মোঃ কবির হোসেন আকোন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন।










