জনতার খবর ডেস্কঃ রোগীদের চিকিৎসায় ডাক্তার-নার্সদের আন্তরিক হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব সমাজকে নার্সিং পেশায় আগ্রহী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে এরপর নার্সদের বিদেশে পাঠানো হবে। ১৫ মার্চ বুধবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০ টায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের কাশিমপুরে পৌঁছান প্রধানমন্ত্রী।
নার্সিং পেশাকে সরকার বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে নার্সদের বিদেশেও পাঠানো হবে। আমাদের দেশের নার্সরা বিশ্ব জয় করবে।
১০ হাজার নার্স সেই সাথে পাঁচ হাজার মিডওয়াইফের পদ সৃষ্টির চূড়ান্ত পরিকল্পনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আমাদের দেশে এক সময় কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে। আমরা দেশের প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। রোগীদের সেবায় নার্সদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্সিংয়ে উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে গাজীপুরের কাশিমপুরে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজ। আড়াইশো বেডের হাসপাতালে রয়েছে ৯০ আসনের নার্সিং কলেজ। দেশে নার্সিং খাতে উচ্চতর শিক্ষার দ্বার উন্মোচনকারী এই প্রতিষ্ঠানের ২য় সমাপনীতে ২১০ জনকে নার্সিং এ স্নাতক ডিগ্রি দেয়া হয়। স্নাতকদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ব্যাচের সেরা ছয়জনকে দেয়া হয় প্রধানমন্ত্রী পুরষ্কার।
নার্সিং খাতে দেশ-বিদেশের কর্মক্ষেত্রের সম্ভাবনার কথা তুলে ধরে, রোগীদের চিকিৎসায় ডাক্তার-নার্সদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের সেবাকে গুরুত্ব দিয়ে থাকে ।
শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে, মেডিকেল কলেজ করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।












