ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের আব্দুল জলিলকে এখন নিজের বসতঘর ছেড়ে জীবনের নিরাপত্তার জন্য অন্যত্র জীবনযাপন করতে হচ্ছে। তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে তালাক দেয়ার পরে পুলিশকে ভুল বুঝিয়ে স্ত্রী মরিয়ম বেগম পুলিশের সহযোগিতায় আব্দুল জলিল বসতঘরে তুলে দেয় এরপর থেকেই সে নিরাপত্তহীনতায় পড়ে।
আব্দুল জলিলের স্ত্রী মরিয়ম বেগম তার নামে স্বামীর জমি-জমা লিখে দেয়ার জন্য স্বামীকে চাপ প্রয়োগ করতে থাকে এবং না দেয়ায় আব্দুল জলিলকে মেরে ফেলার চেষ্টা করে। ৫ মাস পূর্বে আব্দুল জলিলের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক মামলা ও পারিবারিক আদালতে আরও ১টিসহ ২টি মামলা দায়ের করেছে এবং মামলা ২টি বিচারাধীন রয়েছে।
অন্যদিকে তালাক প্রাপ্ত স্ত্রীকে ঘরে তোলার কারণে এলাকার মানুষ মসজিদেও নামাজ পড়তে দিচ্ছে না। আব্দুল জলিলের দাবি তার স্ত্রী মরিয়ম বেগম উশৃংঙ্খলভাবে জীবনযাপন করে এবং এলাকার খারাপ মানুষের সাথে চলাফেরা করে।
শনিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে মোঃ আব্দুল জলিল সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এই অভিযোগ এনেছেন। সংবাদ সম্মেলনে তার ভগ্নিপতি সোহরাব খলিফা, চাচা মোঃ সেকেন্দার আলী, ভাগিনা ইমরান হোসেন ও ভাতিজা সায়েম হোসেন কাজি উপস্থিত ছিলেন।










