রাজাপুর প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন প্রতিপক্ষ সন্ত্রাসীদের নৃশংস হামলায় খুন হওয়ার ঘটনায় এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলার রাজাপুর উপজেলার জগাইরহাট বাজার এলাকায় শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এ শোক সভা আয়োজন করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, জেলা আওয়ামী লীগ এপিপি এ্যাড. সঞ্জিব কুমার বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তর লাইজু, সহসভাপতি শাহিন মৃধা, মিলন মাহমুদ দেলোয়ার, নিহত আ: রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন, নিহত বেলায়েতের স্ত্রী শিউলি বেগম ও একই স্বন্ত্রাসীদের হামলায় পঙ্গু আঃ রবের ভাগ্নে আঃ কুদ্দুস।
শোকসভায় উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা আঃ রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত (জোড়া খুন) খুনের আলোচিত এঘটনায় দায়েরকৃত ‘হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে হস্তান্তরের’ দাবি জানিয়েছেন। এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারন নারী-পুরুষের অংশ গ্রহনে অনুষ্ঠিত শোক সভার শুরুতে নিহতদের স্মরনে এক মিনিট নীরবতা পালন ও শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাত ৮ টার দিকে জেলার রাজাপুর উপজেলার জগাইরহাট এলাকায় বাড়ি যাবার পথে একই এলাকার প্রতিপক্ষ ও বহিরাগত স্বন্ত্রাসীরা হামলা চালিয়ে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আ: রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন নৃশংস ভাবে খুন করে। এঘটনার তাৎক্ষনিক ভাবে বিক্ষুদ্ব এলাকাবাসী ও পুলিশ ৪সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হলেও প্রধান আসামী স্থানীয় ইউপি সদস্য বিএনপির নেতা সাইদুল ইসলাম লালু ও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।










