ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আজ শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লোমফন্টেইনে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
আর প্রতিপক্ষ ভারত যুব বিশ্বকাপে গত আসরের চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষেই প্রথম ম্যাচে লড়তে হচ্ছে জুনিয়র টাইগারদের।
বাংলাদেশ-ভারতের ম্যাচ ছাড়াও আজ যুব বিশ্বকাপে মাঠে গড়াবে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ। বাংলাদেশ-ভারতের ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান ও আইসিসি টিভি। অনলাইনে আইসিসি টিভি ও হটস্টার+ডিজনি অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাবে সরাসরি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশও তিন বছর আগে চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপ এবং যুব বিশ্বকাপে পূর্বের সাফল্যের প্রেরণা নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামছে মাহফুজুর রহমান রাব্বীর দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে জুনিয়র টাইগাররা।
প্রস্তুতি ম্যাচ ছাড়াও দক্ষিণ আফ্রিকায় অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে রাব্বীরা। বিশ্বকপের আগে দেশেও প্রস্তুতি নিয়েছে দল। যুব এশিয়া কাপ থেকেই অনুশীলনে আছে রাব্বী বাহিনী। তাই প্রস্তুতিতে ঘাটতি নেই। ভারতের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চান অধিনায়ক রাব্বী।
১৬ দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলছে জুনিয়র টাইগাররা। গ্রুপের অন্য দুই দল আয়ারল্যান্ড ও যুক্তরাস্ট্র। ভারতের বিপক্ষে জয় পেলে সুপার সিক্স রাউন্ডে উন্নিত হওয়া সহজ হবে বাংলাদেশের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াড: উদয় সাহারান (অধিনায়ক), আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ুর প্যাটেল, প্রিয়াংশু মোলিয়া, শচীন দাশ, মুশির খান, আরেভেলি অবনীশ রাও, সৌমি কুমার পান্ডে, ইন্নেশ মহাজন, মুরুগান অভিষেক, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি, ধানুশ গৌড়া এবং নমন তিওয়ারি।












