প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ নিষ্পত্তি করতে আলোচনার চেষ্টা করছে চীন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু রোববার (৪ জুন) সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ শীর্ষক বৈঠকে এ কথা বলেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, চীন-যুক্তরাষ্ট্রের এ সংঘাত অসহনীয় বিপর্যয় সৃষ্টি করতে পারে।
সিঙ্গাপুরের বৈঠকে অংশ নেন বিশ্বের ৪৯টি দেশের ৬০০ প্রতিনিধি। মূল বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও উপস্থিত ছিলেন। জাপান, কানাডা, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও এতে বক্তব্য রাখেন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু বলেন, চীন ও যুক্তরাষ্ট্র এক অপরের পথে বাধা না হয়ে সামনে এগিয়ে যেতে পারে। দেশ দুটি একটি অপরটি থেকে আলাদা। তা কাঠামোগতভাবে হোক বা অন্যভাবে হোক। যাই হোক, দুই দেশ চাইলে একত্রে এগিয়ে যাওয়া সম্ভব। একই প্ল্যাটফর্ম ব্যবহার করা সম্ভব।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্নায়ুযুদ্ধের মানসিকতা এখন পুনরুত্থিত হচ্ছে বলে মন্তব্য করেছেন লি শ্যাংফু। তিনি বলেন, ‘এটি নিরাপত্তা ঝুঁকিকে ব্যাপকভাবে বৃদ্ধি করছে। হুমকি ও আধিপত্যের ওপর পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দেওয়া উচিত।’
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত শুক্রবার জানিয়েছেন, দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস গত মাসে চীন সফর করেন। মার্কিন প্রশাসন চাইছে, চীনের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করতে।
বিশ্বের প্রায় ২৪টি দেশের গোয়েন্দা প্রধানরা সিঙ্গাপুরে একটি গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে। দেশটিতে এশিয়ার প্রতিরক্ষা প্রধানদের শাংরি-লা ডায়ালগ শীর্ষক বৈঠকের আগে গোয়েন্দা প্রধানদের এ বৈঠক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়।












