মোংলা প্রতিনিধিঃ মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কা লেগে এমবি ফারদিন নামে কয়লা বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছে বাল্কহেডের তিন কর্মচারী। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টায় ওই বাল্কহেডডুবির ঘটনা ঘটে। বন্দরের হারবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি এলিনা বি থেকে কয়লা বোঝাই করে ঢাকা মিরপুরের উদ্দেশে ছেড়ে যায় এমবি ফারদিন ১ বাল্কহেডটি। ওই সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করতে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্ক-েএর সংগে ধাক্কা লাগে কয়লা বোঝাই বাল্কহেডটির। এরপর আস্তে আস্তে পানি ঢুকে বাল্কহেডটির পিছনের অংশ ডুবে যায়। এসময় স্টিভিডরিং কোম্পানি মেসার্স টি হক-এর লঞ্চ এসে বাল্কহেডের দুই কর্মচারী ও এক আনসারকে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন বাল্কহেডের তিন কর্মচারী।
এমভি এলিনা বি নামের বিদেশী জাহাজের কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স টি হক কোম্পানির সুপার ভাইজার মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। লোকমান হোসেন জানান, দুর্ঘটনার পর তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌ বাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন। তবে রাত বারোটার মধ্যে কারো সহযোগিতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
লোকমান হোসেন-এর দাবী ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিকটন কয়লা থাকতে পারে। বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলের কোনো প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।










