ঝালকাঠি প্রতিনিধি:
মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ১০ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে রাজাপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। সভায় সভাপতিত্ব করেন শাহ মাহমুদ কবির, সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, ঝালকাঠি জেলা শাখা।
সভা সঞ্চালনা করেন মোসতাক আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক, বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ—মো. জসিম উদ্দিন, মো. আব্দুল মান্নান লোটাস, মো. মাসুদ পারভেজ, মো. মিজানুর রহমান, আঃ সালাম খান,মো. মনোয়ার হোসেন পলাশ, মো. সাব্বির হোসেন , জিয়ারুল ইসলাম, ওবায়দুর রহমান, নজরুল ইসলাম, শায়লা পারভিন , মজিবুর রহমান, ইব্রাহিম খলিল,ছিল্লুর রহমান মো. শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের মাদ্রাসা শিক্ষকরা শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। মাদ্রাসা শিক্ষকদের বাড়িভাড়া, উৎসব ভাতা, পদোন্নতি, পদ সৃষ্টিসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কর্মসূচি মাদ্রাসা শিক্ষকদের অধিকার ও বৈষম্য দূরীকরণের দাবিকে জোরালোভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ কর্মসূচিতে ঝালকাঠি জেলা থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করবেন বলেও সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।