আন্তর্জাতিক ডেস্কঃ শীতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লির মানুষ। ঘন কুয়াশা আর হাড়কাঁপানো বাতাসে একেবারে জবুথবু জীবন পার করছেন সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সরকার আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
৮ জানুয়ারি রবিবার দিল্লির বেসরকারি স্কুলগুলোতে সরকারি ছুটি শেষ হলেও শীতের কারণে এ ছুটি বাড়িয়ে ১৫ জানুয়ারি করা হয়। এদিন শিক্ষা অধিদফতরের এক সার্কুলারে বলা হয়, দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়রি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
গত কয়েকদিন ধরে শীতের মাত্রা কমতে থাকলেও রবিবার তা নিম্নগামী হয়ে যায়। এদিন সকালে সফদারজং আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শীতে কারণে বিঘ্ন ঘটছে সড়ক, রেল ও উড়োজাহাজ চলাচলে। রবিবার সকাল ছয়টা পর্যন্ত কোনো উড়োজাহাজ ছাড়েনি। এ ছাড়া কুয়াশা বেশি থাকার কারণে দেরিতে ছেড়েছে ৪২টি ট্রেন।












