আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাহরামানমারাস প্রদেশে ২৩ মার্চ বৃহস্পতিবার গিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি সেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে রমজানের প্রথম ইফতার করেছেন।
এছাড়া সেখানে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। কারাকাসু বিভাগে কনটেইনার কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান জানান, যতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ শেষ না হচ্ছে ততোক্ষণ কাজ থামানো বা কোনো বিশ্রাম নেওয়া হবে না।
গত ৬ ফেব্রুয়ারি দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়া। ওই কম্পনের প্রভাবে এ দুটি দেশে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ে। এসব বাড়ির নিচে আটকা পড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পের কারণে শুধুমাত্র তুরস্কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১ কোটি ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে বাড়ি হারিয়েছেন। এরদোগান কথা দিয়েছেন, যাদের বাড়ি ধসে পড়েছে তাদের এক বছরের মধ্যে নতুন স্থায়ী বাড়ি দেবেন। সূত্র: ডেইলি সাবাহ












