খেলা ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ এখন আলোচনার তুঙ্গে। কেননা বৃষ্টি আইন, ভেজা মাঠ, ফেইক ফিল্ডিং, নানান ইস্যু নিয়ে চলছে সমালোচনা। ভারতীয় দল এবং আম্পারিংকে ধুয়ে দিচ্ছেন অনেকেই। সেই কাতারে নাম লিখিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক অধিনাক শহীদ আাফ্রিদি।
আফ্রিদি বলেছেন, ‘ওই ম্যাচে ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে।’
৩ নভেম্বর বৃহস্পতিবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভিতে এক লাইভ সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে সাকিব (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে।’
পরে আম্পায়ারদ্বয়কে তিরস্কার করে আফ্রিদি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরষ্কার পাবেন।’
এদিকে বুধবার ভারত-বাংলাদেশের ম্যাচ শেষে আলোচনায় আসে সাকিবের মাঠে না নামার ইচ্ছা ও কোহলির ফেক ফিল্ডিংয়ের বিষয়। যদিও ম্যাচটির একেবারে শেষ বলে গিয়ে ৫ রানে হারে বাংলাদেশ।












