ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাল টাকাসহ মো. কামাল সিকদার (৫৩) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ভান্ডাড়িয়া থানা পুলিশ। শনিবার (২৭ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল সিকদার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি, ডিবি দক্ষিণ) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ইকরি ইউনিয়নের আতর খালী গ্রামের জালাল হাওলাদারের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালালে তার কাছ থেকে ১ হাজার টাকার ৫০টি জাল নোট উদ্ধার করা হয়। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমার বিশ্বাস জানান, এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জ্যোতির্ময় বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।










