খেলা ডেস্কঃ গত বছর শেষ হওয়া কাতার বিশ্বকাপে অন্যতম চমক দেখানো দল আফ্রিকা মহাদেশের মরক্কো। শক্তিশালী দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে খেলেছে তারা। এবার ব্রাজিলের বিরুদ্ধে খেলবে সেই দলটি। চূড়ান্ত হয়েছে দিনক্ষণও।
আগামী মাসে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে মরক্কো। মরক্কোর মাঠে খেলতে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মরক্কান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, তাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী ২৫ মার্চ।
তবে শুধু ব্রাজিল নয়, ওই ম্যাচের তিন দিন পর মাদ্রিদে আরেকটি প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের পর প্রথম মাঠে নামতে যাচ্ছে মরক্কো। আগামী ফিফা উইন্ডোতে আফ্রিকান কাপ অব নেশন্স-এর বাছাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল দলটির। কিন্তু জিম্বাবুয়েকে ফিফা নিষিদ্ধ করার পর টুর্নামেন্টে অংশ নেয়া হচ্ছে না মরক্কোর।
এর আগে আরও দুইবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মরক্কো। ১৯৯৭ সালে প্রীতি ম্যাচে ২-০ গোলে আর ১৯৯৮ বিশ্বকাপে ৩-০ গোলে জিতেছিলে সাম্বা ফুটবলের দেশ।












