জনতার খবর ডেক্সঃ
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২৪তম জাতীয় সম্মেলন এবং ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, এর প্রভাব থেকে দেশকে বাঁচাতে হবে। যেসব উন্নয়ন প্রকল্প বর্তমানে দরকার নেই, সেখানে অহেতুক ব্যয় থেকে বিরত থাকার নির্দেশও দেন তিনি।
প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের মানুষকে আবারো সাশ্রয়ী হতে আহ্বান জানান। বলেন, মানুষের কষ্ট লাঘাবে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরিতে সরকারের উদ্যোগ উল্লেখ করেন। এক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এমনকি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং বিজ্ঞান ও কারিগরী শিক্ষার ওপর সরকার জোর দিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের মানুষকে আবারো সাশ্রয়ী হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পেশাগত দক্ষতা ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন ডিপ্লোমা প্রকৌশলীকে প্রধানমন্ত্রীর পক্ষে আইডিইবি স্বর্ণপদক দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।












