ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। এর আগে সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মন্তব্য করেছিলেন। তবে শেষ পর্যন্ত এখানকার পারফরম্যান্সকেই বেশ গুরুত্ব দেওয়া হয়েছে দল বাছাইয়ে। এদিকে, সবমিলিয়ে বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুতি বেশ ভালো বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ (বুধবার) মিরপুর শের–ই বাংলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘আমাদের প্রস্তুতি মনে হয় খুব ভালো। চট্টগ্রামে আমাদের ভালো ক্যাম্প হয়েছে। সবমিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলেছি। এই ম্যাচগুলোতে বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি আমরা। যেখানে আমরা কিছু জায়গা এক্সপোজ করছি। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও চিন্তার জায়গা আছে, তবে এর বাইরে আমাদের প্রস্তুতি বেশ ভালো।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও, বাংলাদেশের ভালো করার সুযোগ দেখছেন এই প্রধান কোচ, ‘প্রতিটা টুর্নামেন্টে আমাদের আগের চেয়ে ভালো করার সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি, সেটাতেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের যে প্রস্তুতি, সেটার হিসাবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে।’












