গৌরনদী প্রতিনিধিঃ
বিদ্যুত সাশ্রয়ে সরকারের সিদ্ধান্তকে কঠোরভাবে কার্যকর করার ঘোষনা দিয়ে মাঠে নেমেছেন জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
উপজেলাবাসীকে সচেতন করতে তিনদিন এলাকায় ব্যাপক মাইকিং করে প্রচার-প্রচারনার পর এবার রাত আটটার পর তিনি নিজেই অভিযানে নামছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত নয়টার দিকে অভিযানে নেমে গৌরনদী পৌর কাঁচা বাজারের তিনটি ও গৌরনদী বন্দরের তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় পল্লী বিদ্যুতের গৌরনদীর জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, আপাতত সিডিউল লোডশেডিংয়ের আওতামুক্ত রয়েছে বরিশাল। তারপরেও বিদ্যুত সাশ্রয়ে সরকারী নির্দেশ শতভাগ যেন পালন করা হয় সেজন্য রাত আটটার পর দোকানপাট, শপিংমল খোলা রাখার বিরুদ্ধে এ অভিযান শুরু করা হয়েছে। যা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।










